ঢাকা, শনিবার, ৯ মে, ২০২৬

করোনা পরিস্থিতিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ওষুধ

ads

করোনা পরিস্থিতিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ওষুধ। নানা অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম। ইচ্ছামতো দাম আদায় করছেন দোকানিরা। এতে অনেকটাই দিশাহারা মানুষ।

ওষুধের সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে স্যানিটাইজার ও মাস্কের দামও। গত দুই মাস ধরেই ওষুধের বাজারে আগুন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের পৃথক অভিযানেও থেমে নেই ওষুধ বেচাকেনা।আবার অনেকেই দেশি তৈরি ওষুধ বিদেশি নাম করে বেশি দামে বাজারজাত করছেন। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর বেশ কয়েকটি কারখানা সিলগালা করেছে র‌্যাব। চাহিদা থাকার কারণে ওষুধের গায়ে দাম লিখে দ্বিগুণ-চারগুণ দাম আদায় করছে ওষুধ ব্যবসায়ী সিন্ডিকেট।

রাজধানীর মিটফোর্ড, ঢাকা মেডিকেল কলেজের সামনে, শাহবাগ, ধানমন্ডি, যাত্রাবাড়ী, উত্তরা, মুগদা, গুলশান, মিরপুর, বনশ্রীসহ প্রতিটি মহল্লার ফার্মেসিগুলো ঘুরে দেখা গেছে, দ্বিগুণ বা কোথাও চারগুণ দামে বিক্রি করছে ওষুধ।আইভেরা ৬ এমজি ৭৫০ টাকার ট্যাবলেট ১৫ থেকে ১৭ টাকা, জিংক ২৫ টাকার ট্যাবলেট ৮০ থেকে ১০০ টাকা, ১৮ টাকার নাপা এক্সট্রা বিক্রি হচ্ছে ৩০ টাকা, ফেক্সোফেনাডিল ১০০ টাকা, ৪০ টাকার মনটিন ১৩০ টাকা থেকে ১৫০ টাকা, স্কয়ারের নিউরো-বি ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪০ টাকা, নিউরোক্যাল ১৫০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা, রসুভাস ১৫০ টাকা থেকে ২৪০ টাকা, টোসার ৪০ টাকা থেকে ৫০ টাকা, অ্যাডোভাস ৫৫ টাকা থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে হাড় ক্ষয় রোগের চিকিৎসায় ব্যবহার হয় এমন ওষুধের দাম বেড়েছে কয়েকগুণ। অস্টিওপোরোসিসের ওষুধ হিসেবে বয়স্করা বেশি ব্যবহার করছেন আইব্যান্ড্রনিক অ্যাসিড জেনেরিক ১৫০ মিলিগ্রামের ট্যাবলেট ফরম্যাট। এতদিন এর প্রতিটি ট্যাবলেট বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

তবে হঠাৎ গত এক-দেড় মাসে এই ওষুধের দাম বেড়েছে দ্বিগুণ। অপসোনিন ফার্মা লিমিটেডের বনফিক্স ব্র্যান্ডের ওষুধটি ৫০০ থেকে চলতি মাসে ১২০০ টাকা বিক্রি হচ্ছে। একই জেনেরিকের বন্ড্রোভা ব্র্যান্ডের হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধটির দাম বেড়ে এখন ১৯৬০ ও ল্যাবএইড ফার্মার বোনাইড ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপ বিক্রি হচ্ছে দ্বিগুণ-চারগুণ দামে। গ্যাস্ট্রিকের ওষুধের দামেও নিয়ন্ত্রণ নেই। উৎপাদন খরচের কয়েকগুণ নির্ধারণ করা হয় প্রতিটি ওষুধের দাম।

চিকিৎসকদের কমিশন ও উপহার দেয়ার জন্য ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়ানোকে নিরাপদ মনে করছে। সামপ্রতিক সময়ে বিশ্ববাজারে কাঁচামালের দাম যেমন বাড়েনি তেমন এমন কোনো কারণ ঘটেনি যে কোনো ওষুধের দাম বাড়াতে হবে।

গতকাল চট্টগ্রামে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে বায়েজিদ, পাঁচলাইশ ও চকবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাত প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকলচেরি ধ্বংস করা হয়। অভিযানকালে মোহাম্মদপুর এলাকার পপুলার ফার্মসিকে ২০০ টাকার ওষুধ ৬০০ টাকায় বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বায়েজিদ থানার আল মাশাফি ফার্মেসি ১২০ টাকার ওষুধ ১৮০ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা, বিসমিল্লাহ্ ফার্মেসিকে ২২০ টাকার স্যাভলন ৫০০ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় অক্সিজেন মোড় বাজারের হাজী সিরাজ স্টোরকে পাঁচ হাজার টাকা ও জাহাঙ্গীর স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

চকবাজার এলাকার কর্ণফুলী ফার্মেসিতে প্যারাসিটামল ও হেক্সিসল সংরক্ষণ এবং উৎপাদন মেয়াদবিহীন ওষুধ সংরক্ষণ করায় ১০ হাজার টাকা।

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ওষুধের দোকানের সংখ্যা প্রায় আড়াই হাজার। এখানকার ৪৪টি বাজার থেকেই মূলত পাইকারি হারে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ওষুধের সরবরাহ করা হয়।

ওষুধ ব্যবসায়ী সমিতির উপসচিব মনির হোসেন বলেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর জন্য অনেক ব্যবসায়ীর ওপর অযৌক্তিক জরিমানা আরোপ করা হয়েছে।

বাংলাদেশে ভোক্তা অধিকার নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা ক্যাব বলছে, দেশে ২০০টির মতো ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রয়েছে। আর এর মধ্যে ২০ থেকে ২৫টি মানসম্মত ওষুধ প্রস্তুত করে থাকে।

গত মঙ্গলবার র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়।

ঢাকা শহরের বিভিন্ন ফার্মেসিতে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজারের অতিরিক্ত দাম রাখার অভিযোগে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে পুরান ঢাকায় অবস্থিত মিডফোর্ড হাসপাতাল এলাকায় অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযানের পর গণমাধ্যমে তিনি বলেন, করোনা ভাইরাসের ভয়কে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজারের বেশি দাম রাখছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সেসব দোকানে অভিযান চালাচ্ছি। করোনা পরিস্থিতিতে এই অভিযান অব্যহত থাকবে।

টাস্কফোর্সের প্রধান বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে যেসব ব্যবসায়ী মোড়কে লেখা মূল্যের চেয়ে ওষুধ সামগ্রীর দাম বেশি রাখছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। দুই একদিনের মধ্য মাঠে নামবে মনিটরিং টিম।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চট্টগ্রামে আইভেরা, স্ক্যাবো, রিকোনিল, মোনাসসহ বেশকিছু ওষুধে দাম দ্বিগুণ-চারগুণ রাখছেন ওষুধ সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাদের এই সিন্ডিকেট ভাঙতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, মিটফোর্ডের দোকানগুলোতে মানহীন ওষুধ যেমন বিক্রি করা হয় তেমনি এসব ওষুধের দামের ক্ষেত্রেও ক্রেতাদের প্রতারিত করা হয়।

এতে পরিস্কারভাবে ভোক্তাদের অধিকারের অপব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে ভেজাল বা মানহীন ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যাপকতা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।

তিনি আরও বলেন, দোকানদার যদি বেশি মুনাফার জন্য ওষুধের দাম বেশি রাখে তাদের শাস্তির প্রয়োজন। তবে তার আগে যেসব কোম্পানির প্রতিনিধিরা দাম বেশি রাখে, সেই ব্যাপারে খোঁজখবর নিতে হবে। তাদেরও শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page